
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন জাতীয় পে-স্কেল জুলাই মাসেই আসছে। খসড়া গেজেট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
প্রস্তাবিত পে-স্কেলে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপেই নতুন মূল বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত রূপরেখা তৈরি করেছে। এতে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
সরকারি অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশ করা হবে নতুন পে-স্কেল। এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।