
জাতীয় সংসদে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং ও প্রযুক্তিনির্ভর জুয়া প্রতিরোধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।
নতুন আইনে অনলাইন বেটিংয়ের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সাধারণ জুয়ার ক্ষেত্রে দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা এবং অনলাইন জুয়ায় পাঁচ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানার শাস্তির বিধান করা হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের জন্যও সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে।
আইনে জুয়ার সঙ্গে জড়িত ব্যাংক হিসাব, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, সার্ভারসহ সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে। সরকার প্রয়োজনে জুয়াসংশ্লিষ্ট ওয়েবসাইট, অ্যাপ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করতে পারবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরোনো আইন আধুনিক অনলাইন জুয়া মোকাবিলায় অপর্যাপ্ত ছিল। নতুন আইন কার্যকর হলে এ খাতে কঠোর নিয়ন্ত্রণ সম্ভব হবে।