
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কোয়াডকপ্টার ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। বুধবার গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা বাজাউর জেলার দামা দোলা এলাকায় এই হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পরিচয় বা ড্রোনের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করে তদন্ত চলছে। সাম্প্রতিক মাসগুলোতে বাজাউর জেলায় ধারাবাহিকভাবে ড্রোন হামলার ঘটনা ঘটছে। এর আগে রোববার একই জেলায় ড্রোন হামলায় এক শিশু নিহত এবং এক নারী আহত হন। মে মাসেও ড্রোন হামলায় দুই স্কুলশিক্ষার্থী প্রাণ হারায়।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই হামলা হলো। বুধবার পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান থেকে উৎক্ষেপণ করা চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করে, অন্যদিকে কাবুল জানায়, তারা পাকিস্তানের ভেতরে আইএসের আস্তানায় বিমান হামলা চালিয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে সন্ত্রাসীদের আশ্রয়দানের অভিযোগ করলেও কাবুল তা অস্বীকার করে আসছে।