
দেশে বিদেশি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ‘ভিসানীতি-২০২৬’-এর অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ নীতিমালা অনুমোদিত হয়। প্রস্তাবটি উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, পূর্ববর্তী নীতিতে পারস্পরিক ভিসা সুবিধার ওপর জোর দেওয়া হলেও নতুন নীতিতে বিনিয়োগ ও অর্থনৈতিক সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা চাই বিদেশি বিনিয়োগ বাড়ুক, তাই ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে।”
নীতিমালাটি আরও সমৃদ্ধ ও কার্যকর করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বরাষ্ট্র, পর্যটন ও বাণিজ্য মন্ত্রণালয় থাকবে। নতুন নীতিমালায় ৩৪ ধরনের ভিসা ক্যাটাগরি রাখা হয়েছে। ২০০৬ সালের পুরোনো নীতিমালা সংশোধন করে এই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যা বিদেশিদের আগমন সহজ করবে, বিনিয়োগ, পর্যটন ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করবে এবং প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করবে।