
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন ও ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ৫ আগস্ট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। শহীদ ও আহত পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে। দিনের কর্মসূচি শুরু হবে ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। পরে আন্দোলনের ঘটনাবলি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও শহীদ পরিবারের সদস্যদের অভিজ্ঞতাভিত্তিক বক্তব্য থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাইয়ের হত্যাকাণ্ড আন্দোলনকে ত্বরান্বিত করে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।