
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার উদ্যোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সহযোগিতার আশ্বাস পেয়েছে। সোমবার (৬ জুলাই) বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাহিনীর ডিজিটাল রূপান্তর কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
মহাপরিচালক জানান, আনসার-ভিডিপির এভিইআরপি প্ল্যাটফর্মের মাধ্যমে ইতোমধ্যে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা, কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। প্রায় ৬০ লাখ সদস্যের তথ্যভান্ডার ও বহুমাত্রিক ডিজিটাল কার্যক্রম ভবিষ্যতে বিগ ডেটা, মেশিন লার্নিং, বৃহৎ ভাষা মডেল (এলএলএম) এবং এআইভিত্তিক প্রযুক্তি উন্নয়নের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করছে। তিনি বলেন, বাহিনীর নিজস্ব তথ্যভান্ডারের ওপর ভিত্তি করে এআই-চালিত অটোমেশন চালু করা গেলে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা মূল্যায়ন, প্রশিক্ষণ, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জবাবদিহিমূলক জনসেবা আরও সহজ হবে।
মন্ত্রী ফকির মাহবুব আনাম এই উদ্যোগকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী বলে অভিহিত করেন। তিনি সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি অংশীজনদের নিয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশ দেন। তিনি বলেন, আনসার-ভিডিপির মতো বৃহৎ সংগঠনে এআই প্রযুক্তির সংযোজন শুধু প্রশাসনিক দক্ষতা বাড়াবে না, বরং জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন ও নাগরিকসেবা আধুনিকায়নেও ভূমিকা রাখবে। সাক্ষাৎকালে বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।