
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদকেন্দ্রিক সমাজ বিনির্মাণে সংসদ সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, জনসংখ্যাগত রূপান্তর, জনমিতিক লভ্যাংশ ও টেকসই উন্নয়নের বিষয়গুলো সংসদীয় আলোচনায় এনে কার্যকর আইন ও নীতি প্রণয়নের মাধ্যমে দেশের উন্নয়নকে আরও বেগবান করা সম্ভব।
রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে ‘জনমিতিক লভ্যাংশ অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আইসিপিডি অঙ্গীকার বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি)’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে জাতীয় সংসদ সচিবালয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
স্পিকার আরও বলেন, বাংলাদেশ এখন ঐতিহাসিক এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬-এর প্রতিপাদ্য—‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—বাস্তবায়নে সরকারের নেওয়া উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে জনমিতিক লভ্যাংশকে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে কাজে লাগানোর ওপর জোর দেন।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টেরিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি)’ গঠনের মাধ্যমে সংসদ সদস্যদের জনসংখ্যা ও উন্নয়নসংক্রান্ত আইন-নীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার সম্ভাবনার কথা তুলে ধরেন স্পিকার। তিনি বাল্যবিয়ে প্রতিরোধ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণ এবং জনমিতিক লভ্যাংশ অর্জনের বিষয়গুলো সংসদীয় কমিটির কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ এখন এমন এক জনতাত্ত্বিক পর্যায়ে আছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষই তরুণ। তিনি স্পষ্ট করেন, জনমিতিক লভ্যাংশ স্বয়ংক্রিয়ভাবে আসে না; এটি সুপরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে অর্জন করতে হয়। তরুণদের মানসম্মত শিক্ষা, কারিগরি দক্ষতা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলেই এটি দেশের অর্থনীতির জন্য বিশাল সুযোগ তৈরি করবে। অন্যথায়, তিনি সতর্ক করে বলেন, এ সম্ভাবনা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হতে পারে।
কর্মশালায় স্পিকারসহ অন্য বক্তারা সম্প্রতি মৃত জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় সংসদ সদস্য, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, প্রকল্প পরিচালক ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।