
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে। উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা যেন প্রতি বছর একটি করে গাছ রোপণ করে এবং সেই গাছের উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করে। তিনি বলেন, গাছ বড় হলে তা ছায়া দেবে, পরিবেশ ঠান্ডা করবে এবং সুন্দর বাতাস বইবে।
প্রধানমন্ত্রী শিশুদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্পও ঘুরে দেখেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।