
তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে তারা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে একত্রিত হয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে এসেছেন। দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে এবং অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। তাদের তিন দফা দাবি এখনো পূরণ হয়নি বলে তারা জানান। শিক্ষার্থীরা মিছিলের সময় ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।