
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সোমবার (২৭ জুলাই) বিকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের দিকে তাকিয়ে আছে। এখন পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, একইভাবে মন দিয়ে খেলতে হবে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, আজকের শিশুদের মধ্য থেকেই আগামী দিনের সফল ডাক্তার, প্রকৌশলী, ক্রিকেটার ও অন্যান্য পেশাজীবী বেরিয়ে আসবে। তিনি শিশুদের পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য না ফেলতে এবং গাছ লাগানোর আহ্বান জানান। পশুপাখির প্রতি সদয় হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রকৃতির যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব। প্রধানমন্ত্রী গণমাধ্যমকেও শিশুদের এই আয়োজনকে অগ্রাধিকার দিয়ে প্রচারের আহ্বান জানান।