
ভারতজুড়ে বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার সরকারি প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ এনে ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সোমবার (২৭ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় ৩৭ দিনের টানা অবস্থান কর্মসূচি তুলে নিলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের ও গ্রেপ্তারের ঘটনা অব্যাহত রয়েছে।
সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা এক্সে লেখেন, বিহার ও বাংলায় শত শত শিক্ষার্থী গ্রেপ্তার, দিল্লির স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের হেনস্তার খবর আসছে। তারা সব এফআইআর প্রত্যাহার, শিক্ষার্থীদের মুক্তি ও নতুন এফআইআর না দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নিট পরীক্ষার জালিয়াতিতে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ ও এফআইআর তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় সরকার।