
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কার্যালয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ এক নেতার ওপর সাবেক ছাত্রলীগ কর্মীর হামলার অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নারীঘটিত এক ইস্যুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তাকে শনাক্ত করে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ও তার সঙ্গে থাকা শিক্ষার্থীরা মারধর করেন। এরপর আনাস নামে ওই ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে রাকসু ভবনে হামলা চালান, এতে জিএস সালাহউদ্দিন আম্মার ও সহ-বিজ্ঞান সম্পাদক নাজমুস সাকিব আহত হন। পরে উভয় পক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগারে মুখোমুখি অবস্থান নেয়।
প্রশাসন অভিযুক্তদের ‘সেইফ এক্সিট’ দেওয়ার অভিযোগে রাকসু ও শিবিরের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।