রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি ও যান চলাচলের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে থেমে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা দেখতেই এই আকস্মিক পরিদর্শন করেন বলে জানা গেছে। নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমাতে সেবার মান বাড়ানোর বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন। এর আগে ঈদুল আজহার সময়ও তিনি রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন।