বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের তুলনায় আরও নিরাপদ বলে প্রতিফলিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ইতিবাচক অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর টেক্সট মেসেজের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন। ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আইনশৃঙ্খলার উন্নয়নে অগ্রগতি অর্জন করেছে।