পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অভিবাসনসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সমঝোতা স্মারক রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে। রোহিঙ্গা অর্থায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ ইস্যুতে বৈঠকে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর নিয়েও যুক্তরাষ্ট্র কিছু উত্থাপন করেনি।