দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর, যা কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের সফরসঙ্গীরা।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্বাগত অনুষ্ঠানে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে এক শিশু ডা. জোবাইদা রহমানকে ফুলের তোড়া উপহার দেয়। পরে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে তার নির্ধারিত আবাসস্থল শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শ্রমবাজার সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা বাড়ানো।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়াকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে।