
চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং-এর সঙ্গে বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনায় চীন সরকারের কারিগরি সহায়তা কামনা করেন, বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালের সমঝোতা স্মারক (এমওইউ) ও গত বছর চীনা বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা ও নৌ-নেভিগেশন উন্নয়নেও সহযোগিতা চান। চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশি বিশেষজ্ঞদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।