
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের প্রধান কার্যক্রম। বাজেট অনুমোদন ও দুটি বিল পাসের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
গত ৭ জুন শুরু হওয়া এ অধিবেশনে বাজেটের ওপর বিস্তারিত আলোচনা, সম্পূরক বাজেট এবং অর্থ বিলসহ সংশ্লিষ্ট সব কাজ সম্পন্ন হয়। এটি বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ জাতীয় বাজেট।
বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে, যা জিডিপির ৩.৬ শতাংশ। মোট বাজেটের আকার জিডিপির ১৩.৭ শতাংশ। রাজস্ব আহরণের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে এনবিআর থেকে আসবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
বাজেটের সাধারণ আলোচনায় ২৯১ জন সংসদ সদস্য অংশ নেন। সরকারি দলের সদস্যরা ৩২ ঘণ্টা ৩ মিনিট এবং বিরোধীদলের সদস্যরা ১৩ ঘণ্টা ৪৮ মিনিট বক্তব্য রাখেন। সম্পূরক বাজেট আলোচনায় অংশ নেন ২৫ জন সদস্য।