
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জনের মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন, অর্থাৎ ১৭ হাজার ২৩৩ জন অনুপস্থিত ছিলেন, যা মোটের ২ দশমিক ০১ শতাংশ। যশোর বোর্ডে ২ জন ও কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ১ জন করে মোট ৫ জন বহিষ্কৃত হয়েছেন। মাদরাসা বোর্ডে ৮০ হাজার ৬৫৩ জনের মধ্যে ৪ হাজার ৪৭৮ জন এবং কারিগরি বোর্ডে ৮০ হাজার ৬০৩ জনের মধ্যে ৩ হাজার ৭৩ জন অনুপস্থিত ছিলেন। এই দুই বোর্ডে একজন করে বহিষ্কার হয়েছে।
সব মিলিয়ে প্রথম দিনে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং ৭ জন বহিষ্কৃত হয়েছেন। ঢাকা বোর্ডের অধীনে দেশের বাইরের আটটি কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষার পরিবেশ সন্তোষজনক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।