
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, কালেমা খচিত পতাকা বা ইসলামের ধর্মীয় প্রতীকগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বা অবমাননা করা কোনোভাবেই কাম্য নয়। বৃহস্পতিবার (২ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ইসলামের পবিত্র নিদর্শন ও প্রতীকসমূহের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। এ ধরনের প্রতীকের অপব্যবহার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং জাতীয় ঐক্য নষ্ট করতে পারে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কালেমা তায়্যিবা খচিত পতাকা প্রদর্শন নিয়ে আলোচনা হচ্ছে। ধর্মমন্ত্রী স্পষ্ট করেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং কুরআন ও সহিহ সুন্নাহর বাইরে নতুন কোনো মতবাদ বা অনুশীলনের স্থান নেই। তিনি বলেন, আল্লাহ ও তার রাসুলের আদর্শের বাইরে কোনো অপচেষ্টা মুসলিম উম্মাহ মেনে নেবে না এবং তারা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
সভায় কওমি মাদ্রাসা, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের শীর্ষ ধর্মীয় ব্যক্তিরা অংশ নেন। তারা বলেন, যুবসমাজ ধর্মীয় অনুভূতি থেকে এই পতাকা বহন করলেও একটি মহল বিষয়টিকে অপব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।