
বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মৃত্যুবরণ করেছেন। রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তাঁর মৃত্যু হয়। দাফন ও শ্রদ্ধা নিবেদনের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় তাঁর গবেষণা ও বিশ্লেষণ ব্যাপক সমাদৃত। তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ ও ‘সংস্কৃতির সহজ কথা’। সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।