
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সাক্ষাতে চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে এবং এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন করে সহযোগিতার দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সফলতা উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে রাষ্ট্রদূত এই সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেন।