
দেশের ১৬ জেলায় আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, নীলফামারী ও লালমনিরহাট জেলায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। তিস্তা, কুশিয়ারা, গোমতী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে, যা নিম্নাঞ্চল প্লাবিত করবে।
এদিকে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যেই শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করেছে আন্তশিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, বন্যা বা দুর্যোগ পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনে পরীক্ষা স্থগিত বা কেন্দ্র পরিবর্তনের ব্যবস্থা থাকবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। বোর্ড জানিয়েছে, প্রয়োজনে পরীক্ষার্থীদের কেন্দ্রের নিকটবর্তী স্থানে নিয়ে আসার নির্দেশনাও রয়েছে।