
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২১তম দিনে ব্যাংক খাতের দুর্নীতি দমন, পুঁজিবাজারে কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখর ছিল সংসদ। অধিবেশনে ব্যাংক লুটেরাদের সম্পত্তি নিলাম করে আমানতকারীদের সঞ্চয় ফিরিয়ে দেওয়ার জোর দাবি ওঠে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আশ্বস্ত করেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সুদসহ টাকা ফেরত দেওয়া হবে এবং কোনো ‘হেয়ার কাট’ থাকবে না।
সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, ব্যাংক খেকো মালিকদের কঠোর শাস্তি নিশ্চিত করে তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে। অর্থমন্ত্রী জানান, সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূত করে ‘ইসলামী ব্যাংক-পিএলসি’ গঠন করা হয়েছে এবং ‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’-এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া ‘আমানত সুরক্ষা আইন-২০২৬’-এর মাধ্যমে সুরক্ষিত আমানতের পরিমাণ ১ লাখ থেকে ২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।
পুঁজিবাজারে ধারাবাহিক পতন ও কারসাজির প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাজার কারসাজি, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকি ও করপোরেট সুশাসনের ঘাটতিকে দায়ী করেন। এছাড়া অধিবেশনে সেনাবাহিনীর আধুনিকায়নে ৮৬ হাজার কোটি টাকার পরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক উদ্যোগ, চীনে কাঁঠাল রপ্তানি এবং নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা দেওয়া হয়।