
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময় আরও তিন বছর বাড়ানোর আবেদন কোনো বিলাসিতা নয়, বরং এটি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, সুষ্ঠু উত্তরণ কৌশল ও প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি কৌশলগত প্রয়োজনীয়তা। সোমবার (১৩ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) উচ্চপর্যায়ের অধিবেশনে এলডিসি গ্রুপের পক্ষে তিনি এ বক্তব্য দেন।
তিতুমীর বলেন, নজিরবিহীন রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত ও বৈশ্বিক অভিঘাতের কারণে বাংলাদেশ ও নেপাল সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অগ্রগতি পিছিয়ে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিসি গ্রুপের পক্ষ থেকে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন—অনুকূল অর্থায়ন বৃদ্ধি, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার, সহজলভ্য জলবায়ু অর্থায়ন, বাজার প্রবেশাধিকার সংরক্ষণ, এবং ডিজিটাল ও প্রযুক্তিগত বৈষম্য দূরীকরণ।