
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে তিনি এই পদত্যাগপত্র দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে, যার কারণে মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।’
পদত্যাগপত্রে তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর সাংবিধানিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার গঠনের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, তার ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।