
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
স্পিকার জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র বিকাল ৫টা ১ মিনিটে জমা দেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেন, গুরুতর অসুস্থতা ও অটোনমিক নিউরোপ্যাথি রোগের কারণে সাহাবুদ্দিন দায়িত্ব পালনে অসমর্থ হয়েছেন। স্পিকার আরও বলেন, আমি স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। কোনো কারণে স্পিকারের পদ শূন্য থাকলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন।