রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ২৩ জুন উপলক্ষে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজধানীতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। তার অংশ হিসেবে শহরের ২০০টির বেশি কৌশলগত স্থানে পুলিশ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। একইসঙ্গে ঢাকার প্রবেশমুখগুলোতে তল্লাশি জোরদার করা হচ্ছে।
নিরাপত্তায় নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য বিশেষায়িত বাহিনী কাজ করবে। এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের (আইএডি) সদস্যরা সাদা পোশাকে নজরদারি চালাবেন। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত রিজার্ভ পুলিশ থাকবে। কার্যক্রম তদারকিতে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থাকবেন।
অন্যদিকে, জুনের শুরু থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরি মামলায় ১২১ জন, দস্যুতার ঘটনায় ১১৩ জন এবং ডাকাতি মামলায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে থানা, ডিবি ও সিটিটিসির অভিযানে ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চারজন তালিকাভুক্ত বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।