দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ জুন) দিল্লির পক্ষ থেকে বলা হয়, তিনি সার্ক ভিসায় ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে এসেছিলেন এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সভায় যোগ দেওয়ার কথা ছিল; বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং তিনি স্বেচ্ছায় ঢাকায় ফিরে যান।
বুধবার (২৪ জুন) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেন, ডা. জাহেদ উর রহমান যে আইওআরএ-র বৈঠকে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন, তা আগেই কূটনৈতিক মাধ্যমে ভারতকে জানানো হয়েছিল। তার পরও বিমানবন্দরে এই অনভিপ্রেত ঘটনা ঘটানো দুঃখজনক। এছাড়া সংখ্যালঘু ইস্যুতে ভারতের মন্তব্যের জবাবে মুখপাত্র বলেন, নিজ ভূখণ্ডের সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব, যা বাংলাদেশ পালন করছে।
উল্লেখ্য, ১৪ জুন আইওআরএ-র দুই দিনের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আড়াই ঘণ্টা আটকে রাখে এবং প্রবেশের অনুমতি নিয়ে অনিশ্চয়তা তৈরি করে। এতে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তিনি সরকারি সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকা ফিরে আসেন। ওই ঘটনার পরদিন ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।