
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ সরকারের পক্ষে এবং চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) শীর্ষ কর্মকর্তারা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতাগুলোর আওতায় সংবাদ ও তথ্য বিনিময়, দীর্ঘমেয়াদি গণমাধ্যম অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তি ব্যবহার এবং সম্প্রচার খাতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে।
এ চুক্তিগুলো দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে নতুন সহযোগিতার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর চীন সফরের অংশ হিসেবে তথ্যমন্ত্রী ২৩ জুন বেইজিংয়ে যান। এ সফরে গণমাধ্যম খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।