
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা একই ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
শুক্রবার (২৬ জুন) রাত ৭টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা। বিএনপির শীর্ষ নেতারাও দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।
সফরকালে প্রধানমন্ত্রী দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশনে যোগ দেন এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হয়। এছাড়া বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন তিনি।
পাঁচ দিনের এ সফর বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।