বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শহীদ আবরার ফাহাদের নামে একটি আবাসিক হলের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৭ জুন) বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “আবরার ফাহাদের হত্যাকাণ্ডের স্মৃতি কখনো মুছে যাওয়ার নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সেই ঘটনার শিক্ষা মনে করিয়ে দিতে একটি হলের নাম ‘আবরার হল’ রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, যদি প্রস্তাবটি বাস্তবায়িত হয় তাহলে ওই হলে আবরারের স্মরণে দুটি দিবস পালন করা হবে। এতে রাজনৈতিক বা অন্য কোনো কারণে আর কোনো মেধাবী শিক্ষার্থী যেন এমন নির্মম পরিণতির শিকার না হয়, সে শিক্ষা ভবিষ্যৎ প্রজন্ম নেবে।
অনুষ্ঠানে প্রকৌশল শিক্ষার প্রসারে বুয়েটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।