
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এ আকস্মিক পরিদর্শন করেছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে সকাল ৯টা ১৫ মিনিটে প্রতিষ্ঠানটির কার্যালয়ে পৌঁছান তিনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্পারসোর প্রতিটি বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম সার্বিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত জানান।
প্রধানমন্ত্রী স্পারসোকে আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। এ সময় তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি ও দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।