
শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় পাস করিয়ে ডিগ্রি দেওয়া নয়, বরং তাদের আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য। রোববার (২৮ জুন) ঢাকার তেজগাঁও কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর দক্ষতা সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমান, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দীর্ঘদিনের দুর্নীতি, পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনাকে এ পতনের জন্য দায়ী করেন। এর ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও বাজারে কর্মসংস্থান পাচ্ছে না এবং তাদের অনেকেই অপ্রাসঙ্গিক বিষয়ে পড়াশোনা করছে।
প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, কেবল সনদনির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে দক্ষতা, নৈতিকতা ও বাস্তবমুখী শিক্ষায় গুরুত্ব দিতে চায় সরকার। তিনি বলেন, সময়োপযোগী, ক্যারিয়ারমুখী ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে।