
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার উদ্যোগে ব্যতিক্রমী এক শিক্ষা সফরে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন মাদারীপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী। সোমবার (২৯ জুন) তারা জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখে রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে সংসদ ভবন ঘুরে দেখার, কিন্তু তা সবসময় সম্ভব হয় না। শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই এই আয়োজন। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখে ও তার সঙ্গে কথা বলে অনুপ্রাণিত হয়েছেন। শিক্ষার্থীরা জানান, এই সফর তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা, যা গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তাদের আগ্রহ বাড়িয়েছে।