মির্জা আব্বাসের স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে।
একইভাবে, আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আরও জানানো হয়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ দায়িত্ব অবৈতনিক থাকবে।
আফরোজা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। বর্তমানে তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।