
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী জুয়ার লালসায় অস্বাভাবিক এক পথ বেছে নিয়েছেন। ৩৩ বছর বয়সী জিয়াইং চেন জুয়ার অর্থ জোগাতে একের পর এক ১৪ জন পুরুষকে বিয়ে করেছেন। ২০২৪ সালে গ্রেপ্তারের পর অবশেষে তিনি ‘বহুবিবাহ’ ও প্রতারণার অভিযোগে দোষ স্বীকার করেছেন। ২০১৯ সালের মার্চ থেকে ‘ভিকি লিয়াং’ নামে ভুয়া পরিচয়ে লাস ভেগাসের ক্লার্ক কাউন্টিতে ১৪টি বিয়ের সনদ সংগ্রহ করেন তিনি। প্রতিটি বিয়ের পর তিনি স্বামীদের চীনে অসুস্থ আত্মীয়ের চিকিৎসার অজুহাতে অর্থ দাবি করতেন। এভাবে তিনি সম্মিলিতভাবে এক লাখ ডলারের বেশি হাতিয়েছেন, যা বিলাসবহুল উইন ক্যাসিনোতে জুয়া খেলায় উবে গেছে। গত এক বছরেই তিনি জুয়ায় তিন লাখ ডলারের বেশি হারিয়েছেন।
প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় তাঁর বিরুদ্ধে আনা কয়েকটি গুরুতর অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং আদালতে প্রবেশনের সুপারিশ করা হয়েছে। ৯ জুলাই দোষ স্বীকারের পর আগামী ২০ আগস্ট তাঁর সাজা ঘোষণা হবে। তদন্তে জানা যায়, তিনি বিয়ে ও টাকা হাতিয়ে নেওয়ার পরপরই যোগাযোগ বন্ধ করে দিতেন। একজন ভুক্তভোগী ৪০ হাজার ডলার হারিয়ে জানান, টাকা নেওয়ার পর চেন জানিয়ে দেন তিনি আর বৈবাহিক সম্পর্কে থাকতে চান না। লাস ভেগাসে বিয়ে করা সহজ হওয়ায় শহরটিকে তিনি প্রতারণার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলেন।