
বিশ্বকাপের আনন্দঘন পরিবেশে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সান হোসের বিখ্যাত সান পেদ্রো স্কয়ারে ফ্যান জোনের কাছে বন্দুক হামলায় একজনের প্রাণ গেছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জুন) এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয় এবং আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার সময় সেখানে কোনো বিশ্বকাপ ম্যাচ চলছিল না, কারণ সেদিনের শেষ ম্যাচ দুপুরের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল।
স্থানীয় পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। তদন্তের স্বার্থে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, গুলিবিদ্ধ একজনকে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয় এবং আশপাশের বেশিরভাগ বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্বকাপ উপলক্ষে সান ফ্রান্সিসকো বে এলাকায় বেশ কয়েকটি ফ্যান জোন খোলা হয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার ফুটবলপ্রেমী খেলা উপভোগ করতে ভিড় করেন। তবে এই হামলা বিশ্বকাপ উৎসবে শোকের ছায়া ফেলেছে। পুলিশ এখনো হামলাকারীর সন্ধানে অভিযান চালাচ্ছে।