
দেশের নতুন উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে দারুণ এক সুখবর দিয়েছে সরকার। এখন থেকে বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তারা। আর বিশেষ করে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সুদ কমিয়ে আনা হয়েছে মাত্র ৪ শতাংশে। এই খবর আজ রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, তরুণ ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএসএমই) খাতের পুনঃঅর্থায়ন স্কিমের আকার ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে।
এর আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত এবং জামানত রাখতে পারলে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
স্টার্টআপদের জন্য বিশেষ সুবিধা
অর্থমন্ত্রী সংসদকে আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে আরেকটি ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে, যেখানে সুদ ধরা হয়েছে মাত্র ৪ শতাংশ। শুধু ঋণই নয়, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলো সরাসরি ইক্যুইটি বিনিয়োগও পাবে।
বেকারদের জন্য আরেকটি বড় তহবিল আসছে
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের স্বল্প সুদে ঋণ দিতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকার একটি তহবিল চলছিল, যা গত ১৪ জুলাই শেষ হয়েছে। এখন এর ধারাবাহিকতায় ১ হাজার ২০০ কোটি টাকার আরও বড় তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়।