
বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভিন্ন এক প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, দেশের প্রবাসীরা পাঠানো অর্থ দিয়েই এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে জাতীয় বাজেট নিয়ে এক সেমিনারে তিনি এই প্রস্তাব দেন।
ফরাসউদ্দিন তার প্রস্তাব ব্যাখ্যা করে বলেন, প্রবাসীরা প্রথম তিন বছর কোনো মুনাফা পাবেন না, তবে তৃতীয় বছরের পর থেকে তাদের বার্ষিক ১২ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। এই প্রকল্পে বিদেশি অর্থায়নের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, বাজেট ঘাটতি ৩.৬ শতাংশ বলা হলেও তা ৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে, কারণ বাজেট লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না। করের সর্বোচ্চ হার ২০ শতাংশ হওয়া উচিত, এর বেশি হলে মানুষ কর দিতে নিরুৎসাহিত হয় বলে জানান তিনি। এলডিসি উত্তরণ পেছানোর চিন্তাও সঠিক নয়, বরং উত্তরণ ঘটিয়ে চ্যালেঞ্জ নেওয়া দরকার বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
অনুষ্ঠানে সিপিডির মোস্তাফিজুর রহমান বলেন, নিজস্ব অর্থায়ন নিশ্চিত করা বাজেটের মূল চ্যালেঞ্জ। জিডিপির অনুপাতে মাত্র ৮ শতাংশ রাজস্ব আহরণ নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়। অধ্যাপক এ কে এনামুল হক বলেন, নিত্যপণ্যে কর কমলেও বিশ্ববাজারে দাম বাড়ায় মূল্যস্ফীতি হ্রাসে এটি যথেষ্ট হবে না।