
বলিউড তারকা দম্পতি রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভগনানির সংসারে কি নাকি ভাঙনের সুর? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে জ্যাকি ভগনানি ‘রায়া’ নামের একটি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। রায়া সাধারণ মানুষের জন্য নয়; এটি তারকা, প্রভাবশালী ও নামী ব্যক্তিদের জন্য সংরক্ষিত ‘ইনভাইট-অনলি’ প্ল্যাটফর্ম। ভাইরাল প্রোফাইলে জ্যাকির নাম, অভিনেতা/প্রযোজক বায়ো ও লন্ডন লোকেশন উল্লেখ করা হয়েছে।
তবে এটি আসল প্রোফাইল নাকি পুরোনো অ্যাকাউন্ট অথবা ভুয়া আইডি, তা নিশ্চিত নয়। তবুও এই ঘটনা ট্রোলের জন্ম দিয়েছে, কারণ এর আগে জ্যাকি এক সাক্ষাৎকারে তাদের বিবাহিত সম্পর্ককে ‘সিচুয়েশনশিপ’ বলে মন্তব্য করেছিলেন, যা নিয়ে সমালোচনা হয়েছিল। তিনি বলেছিলেন, তারা একে অপরকে সহজভাবে নেন এবং সম্পর্কের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।
রাকুলপ্রীত তখন ট্রোলের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়ে বলেন, এক ঘণ্টার আড্ডার একটি লাইনকে প্রসঙ্গ ছাড়া তুলে ক্লিকবেইট শিরোনাম বানানো হয়েছে। লকডাউনে প্রেমে পড়া এই জুটির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন থাকলেও ভক্তরা আশা করছেন, এটি কেবল ভুল বোঝাবুঝি। তবে ‘সিচুয়েশনশিপ’ মন্তব্যের পর এই ডেটিং অ্যাপের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।