
ছোটপর্দার জনপ্রিয় চেহারা নাজনীন নীহা এবার নিজের ব্যক্তিজীবনে বড় ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ জুন) হঠাৎ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ আপডেট করেন তিনি, আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয় শুভেচ্ছা ও কৌতূহলের বন্যা। যদিও অভিনেত্রী এখনো মুখ খোলেননি, তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরেছেন।
কয়েক মাস আগে বিদেশ সফরে গিয়ে এই পাকিস্তানি যুবকের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় এবং দুই পরিবারের সম্মতিতে সম্প্রতি পারিবারিক পরিবেশে বাগদান সম্পন্ন হয়। তবে এখনও কোনো বিস্তারিত বিবরণ বা ছবি প্রকাশ করেননি নীহা।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশনে হলুদ রঙে মাখানো হাতের ছবি পোস্ট করে তিনি বিয়ের গুঞ্জন উস্কে দিয়েছিলেন। তখন তিনি অবশ্য দাবি করেছিলেন, ওটি কোনো নাটকের প্রচারণা। তবে এবারের ‘এনগেজড’ স্ট্যাটাস নতুন করে প্রশ্ন তৈরি করেছে। ভক্তরা এখন অপেক্ষায় তাঁর কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার।