
ক্যানসারের মতো মরণব্যাধির কাছে হার মেনে না-ফেরার দেশে চলে গেলেন আমেরিকার জনপ্রিয় ব্যান্ড ‘এলসেভেন’ (L7)-এর কিংবদন্তি বেসিস্ট জেনিফার ফিঞ্চ। ৫৭ বছর বয়সেই থেমে গেল এই মার্কিন সংগীত তারকার জীবনযুদ্ধ। তার এই প্রয়াণে স্তম্ভিত ও শোকাচ্ছন্ন পুরো বিশ্ব সংগীতপাড়া। চলতি মাসের শুরুর দিকে জেনিফারের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। শনাক্ত হওয়ার পর প্রিয় তারকার চিকিৎসার খরচ জোগাতে তহবিল গঠনে নেমেছিলেন তার বিশ্বজুড়ে থাকা ভক্ত-অনুরাগীরা। কিন্তু সবাইকে সেই সুযোগ না দিয়েই, চলতি সপ্তাহের শেষভাগে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। জেনিফারের মৃত্যুর পর ‘এলসেভেন’ ব্যান্ডের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করে ভক্তদের এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করা হয়। ব্যান্ডটি তাদের অফিশিয়াল বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, তারা তাদের প্রিয় ব্যান্ডমেট, বোন এবং বন্ধু জেনিফার ফিঞ্চকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং তার তীব্র মানসিক শক্তি, রসবোধ এবং সীমাহীন সৃজনশীলতা এলসেভেন ব্যান্ডকে গড়ে তুলতে সাহায্য করেছিল, যা তাদের সবার জীবনকে চিরতরে বদলে দিয়েছে।