
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ও মহল নিজেদেরকে এই গণঅভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করছেন, যা ইতিহাসের প্রকৃত চিত্রকে বিকৃত করছে। রোববার (৫ জুলাই) তিনি এই মন্তব্য করেন।
ইয়ারুল ইসলাম বলেন, সময়ের প্রয়োজন ও জনমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষাপটেই এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে; এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যা কোনো একক ব্যক্তি বা সংগঠনের কৃতিত্ব নয়। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধের কৃতিত্ব যেমন একটি দল এককভাবে দাবি করে রাজনৈতিক সুবিধা নিয়েছে, তেমনি এখন একটি মহল চব্বিশের গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের বলে প্রতিষ্ঠিত করতে চায়। তিনি বলেন, এটি ইতিহাসের সঙ্গে সুবিচার নয়। ইতিহাসকে জাতির সম্মিলিত সংগ্রামের দলিল হিসেবে সংরক্ষণ করতে হবে।