নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আর নেই।
রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
সেলিমা আহমাদ মেরী কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানকালে তার মৃত্যু হয়।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদের স্ত্রী ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে আনার পর জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।