রোববার (২১ জুন) রাতে গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
ওই সমাবেশে তিনি বলেন, “বিগত ২০ বছর ধরে রাজপথে একসাথে লড়াই করলেও আজ ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) মতোই স্বৈরাচারী ও খুনের রাস্তা অবলম্বন করেছে।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) মতো খুনের রাজনীতি পরিহার না করলে জনগণ বিএনপিকেও দেশছাড়া করবে।”
গাইবান্ধায় সাইফুল্লাহর ওপর হামলার প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, “গাইবান্ধায় আমাদের ভাই সাইফুল্লাহর ওপর যে বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। বিএনপি যুবদলের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি বিএনপির সমালোচনা করে এও বলেন যে, জনগণ কোনো দলকে ক্ষমতায় আনলেও সেটা কোনো ‘হত্যার লাইসেন্স’ নয়।