
পবিত্র আশুরা উপলক্ষে মুসলিম উম্মাহকে নিজস্ব স্বাতন্ত্র্য ও ইসলামি আদর্শে ফিরে আসার তাগিদ দিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর মধ্যে ইসলামের স্বাতন্ত্র্যবোধ এতটাই প্রবল ছিল যে, তিনি সাহাবিদের আশুরার দিন ইহুদিদের অনুকরণ এড়াতে দুটি রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন।
শায়খ আহমাদুল্লাহ আক্ষেপ করে বলেন, আজকের মুসলিম সমাজ জীবনবোধ, সংস্কৃতি ও মূল্যবোধের ক্ষেত্রে পাশ্চাত্যের অন্ধ অনুকরণে লিপ্ত, এমনকি পাপাচারেও তারা গর্ববোধ করে। তিনি সহিহ বুখারির হাদিস উদ্ধৃত করে বলেন, রাসুল (সা.) সতর্ক করেছিলেন যে, মানুষ পূর্ববর্তী জাতিদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করবে, এমনকি তারা গুইসাপের গর্তে প্রবেশ করলেও। এটি প্রশংসা নয়, বরং একটি কঠোর সতর্কবার্তা।
পোস্টের শেষে তিনি মুসলিমদের উদ্দেশে বলেন, যুগের স্রোতে গা ভাসিয়ে না দিয়ে ইসলামের আদর্শে সমাজকে বদলানোর চেষ্টা করতে হবে। মহানবী (সা.)-এর মক্কার জাহিলিয়াতের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা স্মরণ করে তিনি আশুরার অঙ্গীকার হিসেবে আত্মপরিচয় পুনরুদ্ধারের আহ্বান জানান।