
সৌদি আরব বাংলাদেশসহ সাতটি দেশের জন্য ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে। এই কর্মসূচির আওতায় একটি সমন্বিত ট্রাভেল প্যাকেজের অংশ হিসেবে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। ভ্রমণকারীরা ফ্লাইট, হোটেল ও ভিসা একসঙ্গে বুক করতে পারবেন, আলাদাভাবে দূতাবাসে যেতে হবে না।
প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা ইস্যু করা হবে। ভিসার মেয়াদ তিন মাস, একবার প্রবেশ ও সর্বোচ্চ ৮৮ দিন অবস্থানের সুযোগ থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের ন্যূনতম প্যাকেজ মূল্য ৪ হাজার সৌদি রিয়াল, প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার রিয়াল যোগ হবে। ভিসা ফি ও বীমাসহ মোট ফি ৪০২.২১ রিয়াল। তবে প্যাকেজে উমরাহ সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নয়, তবে ভিসাধারীরা সৌদি আরবের যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।