
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এটিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব হিসেবে বর্ণনা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই পদক্ষেপ নেবে। তার এই বক্তব্যের পরপরই মার্কিন বাহিনী অভিযান শুরু করে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এটিকে হরমুজে জাহাজ হামলার শক্তিশালী প্রতিক্রিয়া বলে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবারের ড্রোন হামলায় কোনো হতাহত হয়নি। তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি এবং তারা অঞ্চলটিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর হরমুজে উত্তেজনা বৃদ্ধি পায়। জুনের মাঝামাঝি উভয়পক্ষ অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছালেও সর্বশেষ এ ঘটনায় সেই সমঝোতা আবার অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।