
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায়’ তাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্য সাংগঠনিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে। সম্প্রতি একজন তরুণীর সঙ্গে ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন এই জামায়াতের সংসদ সদস্য।